কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার অনুপস্থিতির দায়ে আরও ৭ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়িত চিকিৎসক। মন্ত্রণালয় সূত্র বলছে, বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুপস্থিতির অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। তিনি নতুন সরকারে দায়িত্ব নেয়ার পর থেকেই অনুপস্থিতির বিরুদ্ধে ক্রমাগত সতর্কবাণী উচ্চারণ করে আসছেন।
রোববার সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসক কর্মকর্তারা হলেন,  নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ রাজিব মাহমুদ ও আশফাক নবী, একই উপজেলার যশোর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. মোহাম্মদ মাহামুদুল কবীর বাশার, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. পবিনা আফরোজ পারভীন, একই উপজেলার গজারিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাহিদা বেগম, সহকারী সার্জন ডা. মোঃ শরীফ আহম্মেদ এবং ডাঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. নুরুন্নাহার। এই চিকিৎসকরা অনুনোমোদিতভাবে দিনের পর দিন কর্মস্থলে ফাঁকি দিয়ে আসছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাসুদেব গাঙ্গুলী এবং স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ শাহনেওয়াজ উল্লিখিত কমপ্লেক্স ও স্বাস্থ্য কেন্দ্রগুলো বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন। ওই সময় তারা চিকিৎসকদের কর্মস্থলে পাননি।
তাদের প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুপস্থিত চিকিৎসকদের সাময়িকভাবে বরখাস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর আগে গত সপ্তাহে কর্মস্থলে অনুপস্থিতির দায়ে ময়মনসিংহের তিনজন চিকিৎসকের বিরুদ্ধেও একইরকম শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রণালয়ের সূত্রগুলো জানাচ্ছে, বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]