বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এর আগে বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এক সংবাদ সম্মেলনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য নাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তাই তার কর্মময় জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও অঙ্গীকার নিয়ে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা শুক্রবার সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।’
যেসব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন সেগুলো হচ্ছে- কার্ডিওলজি, ইন্টারনাল মেডিসিন, বক্ষব্যাধি উইং, রিউমাটোলজি, অ্যান্ডোক্রাইনোলজি, চর্ম ও যৌন ব্যধি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, নিউরো মেডিসিন, হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অনকোলজি, শিশু হেমাটোলজি ও অনকোলজি, শিশু, মনোরোগবিদ্যা, নেফ্রোলজি, সার্জারি, চক্ষু বিজ্ঞান, অবস অ্যান্ড গাইনি, নাক, কান ও গলা, অর্থোপেডিকস, নিউরো সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ইউরোলজি, ভাসকুলার সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিকস, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, প্রস্থডনটিক্স, অর্থোডনটিক্স এবং প্রিভেনটিভ অ্যান্ড চিলড্রেন ডেন্টিস্ট্রি উইং।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জুলফিকার রহমান খান, বিএমডিসির সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন, বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক মো. সায়েদুর রহমান প্রমুখ।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই





