এইচআইভি (এইডস) ভাইরাস প্রতিরোধক একটি অ্যান্টিবডি চিহ্নিত করতে বা নকশা তৈরি করতে পেরেছেন দক্ষিণ আফ্রিকার একদল বিজ্ঞানী। এই অ্যান্টিবডি এইচআইভি'র বিভিন্ন ধরনের ভাইরাসকে ধ্বংস করতে সক্ষম হবে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এই নকশার অবলম্বনে বিজ্ঞানীরা একটি ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। এই ভ্যাকসিনই হবে মরণব্যাধী এইডসের স্থায়ী প্রতিরোধক। দক্ষিণ আফ্রিকার 'ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেবল ডিজিসেজ' (এনআইসিডি) সোমবার এ খবর জানিয়েছে।
বিজ্ঞানীরা এইডস আক্রান্ত একজন নারীর রক্তের নমুনা এবং এন্টিবডিগুলোকে আলাদা করে রেখেছিলেন। এরপর এই এন্টিবডিগুলোকে কাজে লাগিয়ে ওই নারীর এইডসের উন্নতি ঘটেছে। এনআইসিডি'র ভাইরোলজি ইউনিটের প্রধান লিন মরিস এ কথা জানিয়েছেন।
গবেষণাটি পরিচালিত হয়েছে এনআইসিডি, স্থানীয় বিশ্ববিদ্যাল এবং ইউএস ভ্যাকসিন রিসার্চ সেন্টার অব দ্যা ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিসেজ'র বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায়। গবেষণা প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে বিখ্যাত সাময়িকী 'ন্যাচার'এ।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা হচ্ছে বিশ্বের সর্বাধিক এইডস আক্রান্ত দেশ। দেশটির প্রায় ৬০ লক্ষ মানুষ এইডসে আক্রান্ত, যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ  
[/b]