রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন এক ব্যক্তির শারীরিক অবস্থার তথ্য জানতে না পেরে, হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় রোগীর বিক্ষুব্ধ স্বজনরা ১৫/২০ মিনিটের মধ্যে হাসপাতালের বাইরে ও ভেতরের গ্লাস, ফ্রন্ট ডেস্ক, কম্পিউটার, হুইল চেয়ার এবং হাসপাতালের বিভিন্ন আসবাব ভেঙে ফেলেন।
এর আগে গত ১৫ নভেম্বর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আব্দুল হাই হাওলাদার। পরদিন অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
স্বজনদের অভিযোগ, গত ২২ নভেম্বরের পরে রোগী কেমন আছে, এ সংক্রান্ত কোনো তথ্য পাননি তারা। আব্দুল হাই বেঁচে আছেন কিনা- সে বিষয়েও স্পষ্ট কোনো কিছু বলেননি চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ।
ভাঙচুরের পরে রাত সাড়ে ১১টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, পুলিশ তদন্ত করে দেখছে কেন এ ঘটনা ঘটেছে।
এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
তিনি সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে ভাঙচুরের বিষয়টি অপ্রত্যাশিত।
এমএ





