ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্ভবত বাংলাদেশ সফরে আসছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে তৃণমূল কংগ্রেসপ্রধানকে সফরে নিতে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে।
বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আসন্ন ৬ ও ৭ জুন সফরে মমতার থাকার ব্যাপারে বলেছেন মোদি। যদিও এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় না আসার ব্যাপারে কিছু বলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থলসীমান্ত চুক্তিতে সম্মতি জানিয়ে মুখ্যমন্ত্রী তার কাজ করেছেন। এরপর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার আর দরকার নাই।
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পাদনে মমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, ‘আনুষ্ঠানিকভাবে না বলা হয়নি, তাই আমরা বলতে পারি না তিনি যাবেন না।’
২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফর করতে অসম্মতি জানিয়েছিলেন। তিস্তা চুক্তিতে মমতাকে রাজি করাতে কেন্দ্রীয় সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে রাজ্যের সেচ প্রকল্পের জন্য বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তিস্তা চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখালেও রাজনৈতিকভাবে এটা তার জন্য ভালো হবে না। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে নির্বাচন। এ সময় তিস্তা চুক্তি বড় ইস্যু হয়ে দাঁড়াবে।
মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৬ ও ৭ জুন নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন।
এমকে





