গাজায় ইসরাইলের নিক্ষিপ্ত একটি অবিস্ফোরিত বোমা, বিস্ফোরিত হওয়ার পর ৬ জন নিহত হয়েছে। নিহতদের মাঝে একজন বিদেশী সাংবাদিক এবং পুলিশের বোম নিষ্ক্রিয়কারী দলের ৩ সদস্য রয়েছে।
বুধবারের এ ঘটনায় নিহত সাংবাদিক সিমোন ক্যামিলি বার্তা সংস্থা এপি’র হয়ে দায়িত্ব পালন করছিলেন।
বার্তা সংস্থা আল মানার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, ইসরাইলি বোমার বিস্ফোরণটি ঘটেছে গাজা উপত্যকার উত্তরে বাইত লাহিয়া শহরে।
পুলিশ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পুলিশের স্থানীয় বোমা নিষ্ক্রিয় দলের প্রধান, তার সহকারী এবং অপর এক উর্ধ্বতন কর্মকতা বোমার আঘাতে নিহত হয়েছে।
সোমবার থেকে ৩ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজায়। যুদ্ধ বিরতি চলাকালে ইসরাইলের নিক্ষিপ্ত অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সুযোগ পেয়েছেন ফিলিস্তিনের কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গাজা উপত্যকায় গত ৮ জুলাই হামলা শুরু করে ইসরাইল। হামলায় এ পর্যন্ত প্রায় ২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৯,০০০ বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫০ জনের বেশি শিশু রয়েছে। অন্যদিকে ৬৪ ইসরাইলি সেনা মতান্তরে ১৫০ সেনা ও ২ বেসামরিক ইসরাইলি নাগরিক, ১ থাই নাগরিক যুদ্ধে নিহত হয়েছে।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





