মোদীর মন্ত্রিসভার গোপন তালিকা প্রেসিডেন্ট প্রণব মুখার্জির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। রোববার রাতে মোদির মন্ত্রিসভার তালিকা পাঠানোর কথা ছিল। তবে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গুজরাট ভবন থেকে নতুন মন্ত্রিসভার তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাইসিনা হিলসে। মোদির মন্ত্রিসভার চূড়ান্ত রূপদানের আগে এদিন সকালে দফায় দফায় বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতারা। একই সঙ্গে আরএসএসের সঙ্গেও মতবিনিময় চলে। দীর্ঘ আলাপ-আলোচনার পরে নরেন্দ্র মোদির সঙ্গে যারা এদিন এক মঞ্চে শপথ নেবেন, তাদের নাম পাঠিয়ে দেওয়া হয় প্রেসিডেন্টের কাছে। যদিও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে এখনও চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বিজেপির তরফে। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোদির মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ১৮ জন। এ ছাড়া আরও ১৬ জনকে প্রতিমন্ত্রী করা হতে পারে। মোদি মন্ত্রিসভায় প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব থাকছে বলে জানা গেছে। বিজেপি প্রধান রাজনাথ সিং, নীতিন গাড়কড়ি, সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও রবিশঙ্কর প্রসাদ মন্ত্রিসভায় পা রাখতে চলেছেন বলে ওই সূত্রে জানা গেছে। সুষমা স্বরাজ পেতে পারেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব৷ গাড়কড়ি ও রবিশঙ্কর প্রসাদ পেতে পারেন রেল ও আইন মন্ত্রণালয়৷ যদিও লালকৃষ্ণ আদভানি ও মুরলী মনোহর যোশির মতো বিজেপির বর্ষীয়ান নেতাদের কোন পদ দেওয়া হবে, তা নিয়ে কিছু জানা যায়নি। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]