গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরাইল। তবে উপত্যকার বাইরে সেনা মোতায়েন রাখা হবে বলে জানানো হয়েছে।

মিশরের মধ্যস্থতায় সোমবার রাতে তিনদিনের অস্ত্রবিরতির ঘোষণা দেয় ইসরাইল ও হামাস। এই অস্ত্রবিরতি শুরুর আগে ইসরাইল সেনা প্রত্যাহারের কথা জানালো।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় সকাল ৮ টা থেকে শুরু হওয়া ৭২-ঘন্টা যুদ্ধবিরতির আগে সেনা প্রত্যাহার করা হবে। তিনি আরো বলেন, গাজার ভেতর অবস্থিত ৩২টি সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরাইলি সেনারা।

ইসরাইলের গণমাধ্যমগুলোর দাবি, সেনাবাহিনীর লক্ষ্য ছিল হামাসের তৈরী সুড়ঙ্গগুলো ধ্বংস করা। সেনাবাহিনী তাদের সেই লক্ষ্য অর্জন করেছে।

এদিকে, সোমবার হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি যোদ্ধাদের অসম সাহসিকতার কারণে মুখোমুখি লড়াই থেকে পালিয়ে গেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। এর পরিবর্তে তারা এখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর দূর থেকে কামান এবং বিমান হামলার পথ বেছে নিয়েছে।

উল্লেখ্য, প্রায় এক মাসের ইসরাইলি হামলায় ১,৮৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। আহত হয়েছেন কমপক্ষে ৯ হাজার ফিলিস্তিনি। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া, ইসরাইলের হামলায় ধ্বংস হয়েছে ৩,০০০ বেশি বাড়ি। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

অপরদিকে ইসরাইলের ৬৪ সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এ সংঘাতে। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজন থাই নাগরিক রয়েছেন।

'নৌকায় ফিলিস্তিনি জেলেরা'

স্থানীয় সময় সকাল ৮টায় যুদ্ধ বিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর একটি  টুইট করেছেন আল- জাজিরা'র সাংবাদিক ইমতিয়াজ তায়েব। গাজা থেকে তিনি লিখেছেন, ফিলিস্তিনি জেলেরা সমুদ্রে যাত্রা করেছে। আমরা আশা করি আজকে তারা ভালো (মাছ) ধরবে।

সাংবাদিক ইমতিয়াজ তায়েব তার টুইট বার্তার সাথে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি টাইম নিউজের পাঠকদের জন্য উপরে তুলে ধরা হলো। সূত্র: বিবিসি, আল-জাজিরা।

 ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই