অফিসের একজন পিয়ন কতইবা সম্পদের মালিক হতে পারেন-এটা সহজেই অনুমেয়। কিন্তু ভারতের একজন পিয়নের খোঁজ পাওয়া গেছে, যার সম্পদের হিসাব শুনলে চোখ ছানাবড়া হওয়ার মতো জোগাড়!
কুলদীপ যাদব নামের ভারতের মধ্য প্রদেশের এই পিয়ন ১৯৮৩ সাল থেকে চাকরি করছেন একটি সমবায় ব্যাংকে। কিন্তু এই সময়ে তিনি অন্তত তিন কোটি রুপির নগদ মালিক হয়েছেন, করেছেন একটি ডুপ্লেক্স বাড়ি, শহরে রয়েছে আরও পাঁচটি বাড়ি, দুটি বিলাসবহুল দামি গাড়ি, অনেক দামি অলংকার, ব্যাংক লকার ও ব্যাংক অ্যাকাউন্ট।
মঙ্গলবার ভোরে যাদবের ডুপ্লেক্স বাড়িসহ ৩টি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এরপরই বেরিয়ে আসে এসব তথ্য। বাড়িগুলো থেকে নগদ উদ্ধার করা হয়েছে ৩ কোটি রুপি। তবে, এর পরিমাণ আরও বাড়বে বলে জানা গেছে; কেননা গণনা এখনও শেষ হয়নি। তার মোট টাকার পরিমাণ ৭ কোটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, যাদবের নীরবে বিলিয়নিয়ার হওয়ার বিষয়টি তারা গোপন সূত্রে জানতে পারেন। এরপরই তার বাড়িতে অভিযান চালায় পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, তার বেতন সর্বোচ্চ ২০ হাজার রুপি করে হলেও তার চাকরির তিন দশকে ১৫ থেকে ১৭ লাখ রুপির বেশি হওয়ার কথা নয়। চাকরির শুরু থেকে আজ পর্যন্ত তার কোন পদোন্নতিও হয়নি। সূত্র: এনডিটিভি
ঢাকা, ০২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





