বিশ্বের সবধরনের সংঘাতেই সবসময় নিরপেক্ষ থাকা ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড নিজের ‘নিরপেক্ষ’ অবস্থান ত্যাগ করছে রাশিয়ার বিরুদ্ধে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা সব নিষেধাজ্ঞাই প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সোমবার সুইস ফেডারেল কাউন্সিলের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস।
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অংশ হিসেবে রুশ বিমানের জন্য সুইজারল্যান্ডের আকাশসীমা নিষিদ্ধ এবং রুশ প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভসহ ইইউর তালিকায় থাকা ৩৩৬ রুশ নাগরিকের সম্পদ জব্দ করা হবে বলে জানান তিনি।
ক্যাসিস বলেন, ‘এটি সুইজারল্যান্ডের জন্য নজিরবিহীন এক পদক্ষেপ, যে আগে সবসময়ই নিরপেক্ষ ছিলো।’
তিনি বলেন, ‘রাশিয়ার আক্রমণ স্বাধীনতার প্রতি, গণতন্ত্রের প্রতি, বেসামরিক মানুষের প্রতি এবং এক স্বাধীন দেশের সংস্থাগুলোর প্রতি। আন্তর্জাতিক আইন অনুসারে তা গ্রহণযোগ্য হতে পারে না, রাজনৈতিকভাবে তা গ্রহণযোগ্য হতে পারে এবং নৈতিকভাবেও তা গ্রহণযোগ্য হতে পারে না।’
এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের রাশিয়ার হামলার জেরে দেশটির ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা নিষেধাজ্ঞা দিয়েছে।
সূত্র : বিবিসি ও সিএনএনে
এসকে





