সন্দেহভাজন হুথি যোদ্ধাদের টার্গেট করে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে চালানো বিমান হামলার ১৫তম দিনে বৃহস্পতিবার দেশটির দক্ষিণের শহর আদেনে ভয়াবহ যুদ্ধের খবর পাওয়া গেছে। সেখানে ঘর বাড়ির ওপর রকেট হামলা চালানো হচ্ছে বলেও জানা গেছে। খবর: আলজাজিরা।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, গত ১৯ মার্চ থেকে ইয়েমেনে চলমান যুদ্ধে অন্তত ৬৪৩ ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২,২০০ মানুষ।

সংস্থাটি আরও দাবি করছে, সৌদি-নেতৃত্বে চালানো ভয়াবহ হামলায় এ পর্যন্ত ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন কয়েক লাখ মানুষ। আরব দ্বীপপুঞ্জভূক্ত এই জাতির পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলেও সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

আদেনে হুথি যোদ্ধাদের সাথে প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির অনুগত স্থানীয় বিভিন্ন সশস্ত্র গ্রুপের যুদ্ধ চরম পর্যায়ে পৌছেছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

সৌদি আরব ও এর উপসাগরীয় মিত্ররা হুথি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করার জন্য ইরানকে অভিযুক্ত করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বৃহস্পতিবার তেহরানে এক বিবৃতিতে ইয়েমেনে বিমান হামলা বন্ধের আহবান জানান। তিনি ইয়েমেন সংকটের একটি রাজনৈতিক সমাধানে এ অঞ্চলের দেশগুলোকে এক সাথে কাজ করারও আহবান জানান।

তিনি বলেন, ইয়েমেনবাসীর মতো একটি মহান জাতির ওপর এভাবে বোমা হামলা হতে পারে না। আসুন আমরা সবাই মিলে এ যুদ্ধ বন্ধের চিন্তা করি। আসুন আমরা গোলাগুলি বন্ধ করে ইয়েমেনবাসীকে আলোচনার টেবিলে আনতে কাজ করি।

কেবি