কুয়েতের ইমাম আল সাদিক মসজিদে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।
গত জুন মাসে শিয়া মসজিদে ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন এবং ২০০ জন আহত হয়েছিলেন।
কুয়েতের ফৌজাদারি আদালত মঙ্গলবার আরো আট ব্যক্তিকে ২ থেকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন। তবে ১৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন। কুয়েতের বার্তা সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।
হত্যাকাণ্ড ঘটানোর জন্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা, সন্ত্রাসবাদ ছড়ানো, হত্যাকাণ্ড ঘটানো, আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন, অবৈধ পন্থায় বর্তমান শাসন পদ্ধতি উৎখাত প্রচেষ্টা ও দেশের সংহতিকে হুমকির মধ্যে ফেলে দেয়ার অভিযোগে তাদেরকে শাস্তি প্রদান করা হয়।
গত রমযান মাসে শুক্রবার জুমার নামাজের সময় ইমাম আল সাদিক মসজিদে হামলা চালানো হয়। এই হামলার দায় স্বীকার করে সন্ত্রাসী সংগঠন আইএসআইএল। এরপর কুয়েতের নিরাপত্তা বাহিনী আইএস-এর উপর হামলা চালায়।
জেডআই





