ইরাকে আন্তর্জাতিক বাহিনীর 'ফ্রেন্ডলি ফায়ারে' নিহত হয়েছেন অন্তত ২২ জন ইরাকি সেনা। বুধবার এ ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটে বলে জানা গেছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ইরাকের সেনাবাহিনীর একজন কর্মকর্তা। পুলিশও একই খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

তবে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী আন্তর্জাতিক বাহিনী এই ফ্রেন্ডলি ফায়ারের কথা অস্বীকার করেছে। আন্তর্জাতিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল টমাস গিল্লেরান জানান, ওই হামলাটি ফ্রেন্ডলি ফায়ার নয়, বরং হামলা চালানো হয়েছে ইসলামিক স্টেটের অবস্থানে।

হামলাটি চালানো হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদির কাছে। সেখানে ইরাকি সেনাবাহিনীর আঞ্চলিক হেডকোয়ার্টার অবস্থিত। তবে, ওই হেডকোয়ার্টারে কোন দেশের বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। ইরাকি বাহিনী জানিয়েছে, তারা ওই অঞ্চলে গত দুই মাসে কোন বিমান হামলা চালায়নি।

আনবার প্রদেশে প্রায় এক বছর ধরে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করে আসছে ইরাকের সেনাবাহিনী। এদিকে, মিলিশিয়া বাহিনীর সহায়তায় সম্প্রতি বাগদাদের উত্তরে তিকরিত শহরে অভিযান চালিয়েছে ইরাকি বাহিনী। তবে, ইসলামিক স্টেটের দখল থেকে তিকরিতকে মুক্ত করতে পারেনি ইরাকি বাহিনী। ইরাকি বাহিনীর অবস্থানে অন্তত ১৩টি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে আইএস।

এমএ