সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, ইরান গোপনে একটি চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছে। ওই স্যাটেলাইটটি মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানোর তথ্য দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টিইই-০১বি নামের স্যাটেলাইটটি চীনা কোম্পানি আর্থ আই কো’র তৈরি। এটি তারাই উৎক্ষেপণ করেছে। ২০২৪ সালের শেষ দিকে চীন থেকে মহাকাশে পাঠানো হয় এবং পরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স এটি নিয়ন্ত্রণে নেয়।

ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ইরানের সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইটকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিগুলো নজরদারির নির্দেশ দেন। নির্দিষ্ট সময় ও স্থানাঙ্কসহ তালিকা, স্যাটেলাইট ছবি এবং কক্ষপথ বিশ্লেষণের তথ্য এতে রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, মার্চ মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ওই সব স্থানের ছবি তোলা হয়েছিল। সেই সূত্রই বড় সাফল্য এনে দেয় ইরানকে।

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এই প্রসঙ্গে মন্তব্যের জন্য হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন, চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর্থ আই কো ও ইমপোস্যাটের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি। ইরানও এই বিষয়ে এখনও কিছু বলেনি।

এনএইচ