শতাধিক মানুষের রক্তে রঞ্জিত এবারের ইরাকের ঈদ উৎসব। ঈদের আমেজের মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত বাজারে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে শতাধিক মুসল্লির।

শুক্রবার রাতে রাজধানী বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত খান বানী সাদ শহরে ঈদের আনন্দ উদযাপনকালে বিস্ফোরিত হয় বোমাটি। হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়া আইএস জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। হামলার দায় স্বীকার করে টুইটারে বিবৃতি দিয়েছে। ওই বোমায় এক টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

বোমা হামলায় হতাহতের ঘটনায় ইরাকের দিয়ালা প্রদেশের সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় ঈদের ছুটি সামনে রেখে পার্ক বা কোনো জনসমাগমস্থলে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

বিস্ফোরণস্থল থেকে পুলিশ মেজর আহমেদ আল-তামিমি বলেন, হামলায় ‘ভয়াবহ’ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু মানুষ সব্জির বাক্সে করে শিশুদের দেহের খণ্ড খণ্ড টুকরো সংগ্রহ করছিল।

এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জাতিসংঘ বলছে এ ধরনের হামলায় গত ১৬ মাসে ১৫০০’র বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

গত বছর দিয়ালা প্রদেশের একটি বড় অংশ দখলে নেয় আইএস। নিরাপত্তা বাহিনী ও শিয়া আধা সামরিক বাহিনী এ বছরের শুরুর দিকে তাদের হটিয়ে প্রদেশটির নিয়ন্ত্রণ নিলেও সেখানে জঙ্গিরা এখনও সক্রিয় রয়েছে। বর্তমানে ইরাকের উত্তর ও পশ্চিম অংশে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে জঙ্গিরা।

ইআর