শ্রীলংকার দক্ষিণাঞ্চলে রোববার রাতে মুসলমানদের উপর বৌদ্ধ উগ্রপন্থীরা হামলা চালানোর পর জারি করা কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে।

কট্টরপন্থী বৌদ্ধদের হামলায় তিনজন মুসলমান নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। বৌদ্ধরা মুসলমানদের মালিকানাধীন বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর জ্বালিয়ে দেয়।

কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের পর আলুতগামা ও বেরুবালা শহরে জারি করা কারফিউ সোমবার রাতেও বলবৎ থাকবে।এদিকে পুলিশের বিরুদ্ধে রোববার রাতে সহিংসতার সময় দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের এক সূত্র টেলিফোনে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, সহিংসতায় কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

তিনি বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। তবে পূর্বসতর্কতা হিসেবে কারিফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে।

স্থানীয় মুসলমানদের অভিযোগ করেন, রোববার সন্ধ্যার পর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে চরমপন্থী বৌদ্ধরা আগুন দেয়া শুরু করে। এসময় পুলিশ মুসলমানদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়।

রাজধানী কলম্বো থেকে ৬০ কিলোমিটার দক্ষিণের এ দুটি শহরে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে কারফিউ জারি করে। তবে পুলিশ চরমপন্থী বৌদ্ধদের হাত থেতে মুসলমানদের বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠান রক্ষা করতে পারেনি। সূত্র: বিএসএস

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ