এবার পাল্টা হুমকি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ১১ লাখ রুপি ঘোষণা করেছিলেন বিজেপির যুব নেতা। এবার ওই বিজেপি নেতার মাথার দাম ২২ লাখ রুপি ঘোষণা করলেন টিপু সুলতান মসজিদের ইমাম।

ইমাম নুর রহমান বরকতি বলেন, ‘যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার দাম ধার্য করেছেন, তার মাথা কেটে আনলে আমি ২২ লাখ রুপি দেব।’

প্রসঙ্গত, হনুমান জয়ন্তীতে সংঘের মিছিলে পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে বিজেপির যুবনেতা যোগেশ ভারষ্ণে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সরস্বতী পুজো করতে দেয়া হয় না। রামনবমীতে মেলা করতে দেয়া হয় না। হনুমান জয়ন্তীতে মিছিল করলে পুলিশ লাঠি চালায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার করেন, মুসলিমদের সঙ্গ দেন। তাই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেটে আনতে পারবেন, তাকে ১১ লক্ষ রুপি পুরস্কার দেয়া হবে।

এরই পরিপ্রেক্ষিতে টিপু সুলতান মসজিদের ইমাম নুর রহমান বরকতি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় নেত্রী। তাকে আমি বোনের মতো মনে করি। যে তার মাথার দাম বরাদ্দ করেছে, আমি তার মাথা কেটে আনলে ২২ লাখ রুপি দেব।

তিনি বলেন, বিজেপি বা আরএসএসের কাছে থেকে অবশ্য এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এদিন এই ইস্যুতে সংসদ উত্তাল হয়ে ওঠে, রাজনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে।

সূত্র: অনইন্ডিয়া

এমই