আজ-কালের মধ্যেই লোকসভা নির্বাচনের ঘোষণা হতে চলেছে। তবে তার আগেই সব দলই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে পুরোদমে। মোদীর সঙ্গে টক্কর দিয়ে প্রচার চালাচ্ছেন রাহুল গান্ধী। আবার এদের সঙ্গে টক্কর দিতে মাঠে নেমে পড়েছে আম আদমি পার্টি।
লোকসভা নির্বাচনে সারা ভারতেই প্রার্থী দিচ্ছে আম আদমি পার্টি। ইতিমধ্যেই তিন দফাই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা। সেই তালিকায় স্থান পেয়েছে সমাজের বিশিষ্টজনেরা।
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। বারানসি কেন্দ্রে যদি নরেন্দ্র মোদী প্রার্থী হন তবে তার বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়াল প্রার্থী হবেন বলে জানা গেছে।
আম আদমির নেতা অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী প্রচারে নেমে দাবি করেছেন, তার পার্টির সমর্থন ছাড়া কোনো দল বা জোট সরকার গঠন করতে পারবে না।
তিনি দাবি করেছেন, দেশে নরেন্দ্র মোদীর ঢেউ চলছে বলে যে কথা বলা হচ্ছে তা মোটেই ঠিক নয়। কোনো মোদী ঢেউ নেই। তিনি বলেন, জনতা এখন ক্ষেপে রয়েছেন। এখন দেশে রয়েছে একমাত্র জনতার ক্ষোভের ঢেউ। আর নির্বাচনেই বোঝা যাবে ফলাফল কোন দিকে গড়াচ্ছে। কানপুরে এক জনসভায় অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি সারা দেশে ১০০শ’র বেশি আসন পাবে। তাই তাদের সমর্থন ছাড়া কেন্দ্রে কোন সরকার গঠন সম্ভব নয়।
গুজরাট প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, তার দল ক্ষমতায় এলে গুজরাট দাঙ্গার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেবে। একই সঙ্গে কংগ্রেস ও বিজেপির সমালোচনা করে কেজরিওয়াল বলেন, দুই দলই দেশকে লুট করেছে।
তিনি বলেন, আমি ভোট চাইছি না। বরং আমি দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইছি। আর তাই সবার ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কেজরিওয়াল।
কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে আম্বানীদের এজেন্ট হিসেবে অভিযুক্ত করেন তিনি।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]