রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেনে মস্কোর নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন করছে আমেরিকা। সেন্ট পিটার্সবার্গে বিভিন্ন বার্তা সংস্থার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পুতিন বলেন, “পশ্চিমারা নিজেদের স্বার্থ দেখছে বিশেষ করে তারা মনে করছে ইউক্রেন হয়তো এক সময় উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো জোটে যোগ দেবে।” ক্রেমলিন দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে যে, জোর করে ক্ষমতার পবির্তনের পর কিয়েভের নতুন সরকার পশ্চিমা সামরিক জোটে যোগ দিতে পারে। পুতিন বলেন, “এ বিষয়ে রেকর্ড বাজানোর মতো আমরা একই কথা বার বার শুনছি যে, প্রত্যেক জাতিরই তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ঠিক করার অধিকার আছে এবং এতে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।” ইউক্রেনে আজ (রোববার) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বললেন। এ নির্বাচনে পশ্চিমারা কিয়েভের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়েছে; অন্যদিকে রাশিয়া মনে করে- আগের প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচকে ষড়যন্ত্র করে এবং গায়ের জোরে ক্ষমতা থেকে সরানো হয়েছে। তবে এ নির্বাচনের ফলাফলের প্রতি মস্কো সম্মান দেখাবে বলে পুতিন আগেই ঘোষণা করেছেন। সূত্র: আইআরআইবি। [b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]