যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে একটি গোপন চিঠি দিয়েছেন।

চিঠিতে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে দুদেশের অভিন্ন স্বার্থের বিষয়টি তুলে ধরা হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইএসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ২৪ নভেম্বরের মধ্যে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে চিঠিতে জোর দিয়েছেন ওবামা। খামেনিকে পারমাণবিক চুক্তি করারও আহ্বান জানান তিনি।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গোপন চিঠির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ।

এদিকে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ওবামার এ পদক্ষেপের বিরোধিতা করে বলেন, “সিরিয়া সরকার এবং লেবাননের হিজবুল্লাদের প্রতি ইরানের সমর্থন থাকায় দেশটিকে এ ধরনের চিঠি দেয়া উচিত হয়নি। প্রশাসনের বোঝা উচিত, ইরান যুক্তরাষ্ট্রকে দুর্বল করার চেষ্টায় নিয়োজিত।”

যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত জোটে ইরানকে নিতে অস্বীকৃতি জানালেও বলেছে, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের একটি ভূমিকা আছে।

সিরিয়া এবং ইরাকের বিশাল অংশ দখল করে নেয়া সুন্নি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট শিয়া ইরানের জন্য বড় ধরনের হুমকি।

তারপরও নিজের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে এ জঙ্গি গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র তৈরি করেছে অভিযোগ করে ইরান আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রশাসনকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে।

কিন্তু আইএসের বিরুদ্ধে যুদ্ধে ইরান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করে খামেনিকে চিঠিটি পাঠান ওবামা।

২০০৯ সালে ক্ষমতা নেওয়ার পর ওবামা এ পর্যন্ত ইরানকে চারটি চিঠি দিয়েছেন।

জেআই