টঙ্গীর বিশ্ব ইজতেমাতে আসতে দেয়া হচ্ছে না ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশগুলোর নাগরিকদের। এর আগে পবিত্র হজেও এসব দেশের নাগরিকদেরকে ভিসা দেয়া হয় নি।

রাজধানী ঢাকার উপকণ্ঠ টঙ্গীতে আন্তর্জাতিক তাবলিগ জামাতের আয়োজনে বিশ্বের অন্যতম বৃহত্তম এই সমাবেশ হয়ে থাকে। পবিত্র হজের পরই এটি মুসলমানদের সবচেয়ে বড় সমাবেশ। প্রতি বছর প্রায় ৫০ লক্ষ মানুষ ইজতেমাতে যোগ দেন।

বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ ব্যাপারে বিবিসিকে বলেন, "নাইজেরিয়া, গিনি, সিয়েরা লিওনের মতো পশ্চিম আফ্রিকার যেসব দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেখানকার নাগরিকদের চলতি বছরের ইজতেমায় আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।"

পাশাপাশি ওইসব দেশে বাংলাদেশের দূতাবাস থেকে যাতে ভিসা ইস্যু করা না হয়, সেই নির্দেশনাও দেয়া হয়েছে।

তিনি বলেন, ''ইজতেমাতে প্রচুর মানুষ এক জায়গায় জড়ো হন এবং বাংলাদেশ এমনিতেই ঘন বসতিপূর্ণ দেশ। এখানে যদি ইবোলা ভাইরাস আসে তাহলে আমরা বিপদে পড়ে যাবো।''

গত বছর ইজতেমাতে প্রায় ১৭ হাজার বিদেশি যোগ দিয়েছিলেন বলে তিনি জানান।

সরকারের এই সিদ্ধান্তের কথা ইতমধ্যেই তাবলিগ জামাতকে জানিয়ে দেয়া হয়েছে বলে মন্ত্রী বলেন।

বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর বাইরেও ইবোলার সম্ভাব্য সংক্রমণ নজরে রাখার জন্য বিমানবন্দরে স্ত্রিনিং মেশিন বসানো হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

এমএ