বাবরি মসজিদের জায়গায় একটি রামমন্দির নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের গভর্নর রাম নায়েক। যত শিগগির সম্ভব মন্দির নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এখানে রাম মন্দির নির্মাণ সব ভারতবাসীর স্বপ্ন বলেও দাবি করেন তিনি। খবর এনডিটিভির।
শুক্রবার উত্তর প্রদেশের অযোধ্যা বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে এসব কথা বলেন রাম নায়েক। বিশ্ববিদ্যালয়টি ফয়জাবাদ এলাকায় অবস্থিত। এলাকাটি ঐতিহাসিক বাবরি মসজিদের নিকট অবস্থিত। এই মসজিদের জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবতা বলে পরিচিত রামের জন্মস্থান বলে দাবি করে উগ্রপন্থী হিন্দুরা।
১৫২৮ সালে মোঘল সম্রাট বাবর এখানে মসজিদটি নির্মাণ করেন। এই দাবিতে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদটি ভেঙ্গে ফেলে উগ্রপন্থী হিন্দুরা। মাত্র কদিন আগেই গেল বাবরি মসজিদ ধ্বংসের ২২ তম বার্ষিকী। এর মধ্যেই এই মন্তব্য করলেন উত্তর প্রদেশের গভর্নর।
৮০ বছর বয়সী রাম নায়েক তার বক্তব্যে বলেন, "যত দ্রু সম্ভব রাম মন্দির নির্মাণ করা উচিত। পুরো ভারতের জনগণ এটা চায়। তাই তাদের স্বপ্ন পূরণ করতেই এটি নির্মাণ করা হবে।" এরপর তাকে এ ব্যাপারে সাংবাদিকেরা জিজ্ঞেস করলেও তিনি তার বক্তব্যের পুনরাবৃত্তি করেন।
এদিকে, রাম নায়েকের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিরোধী দলের নেতারা। কংগ্রেস নেতা রেনুকা চৌধুরী বলেন, "উত্তর প্রদেশ গভর্নর সরকারের (বিজেপি সরকার) মুখপাত্র হিসেবে কাজ করছেন।"
তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য দেরেক ওব্রিয়েন এনডিটিভিতে দেশবাসীর প্রতি উল্টো প্রশ্ন রেখে বলেন, "উত্তর প্রদেশের গভর্নর বলেছেন প্রত্যেক ভারতীয় চান একটি রাম মন্দির নির্মিত হোক। এরকম কথা যে গভর্নরের মুখ থেকে আসে, তার নিয়ন্ত্রণে পার্লামেন্ট আর চলতে পারে বলে কী আপনি মনে করেন?"
গত মাসেও তিনি এ ধরনের মন্তব্য করেন। অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদের এক অনুষ্ঠানে রাম নায়েক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতার পাঁচ বছরের মধ্যেই রাম মন্দির এবং মসজিদ ইস্যুটির সমাধান হবে। মোদী এ ব্যাপারে কাজ করছেন বলেও জানান তিনি।
বিজেপি থেকে গত জুলাইয়ে উত্তর প্রদেশের গভর্নর নির্বাচিত হন রাম নায়েক। তিনি এর আগে বিভিন্ন সময়ে বিজেপি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।
এমন এক সময়ে উত্তর প্রদেশের গভর্নর এই মন্তব্য করলেন যখন আগ্রায় দুই শতাধিক মুসলিমকে জোরপূর্বক হিন্দু বানিয়ে ফেলেছে আরেক উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই স্বয়ংসেবক সংঘই বিজেপির রাজনৈতিক দর্শনের উৎস। কিন্তু চরম উগ্রবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পার্লামেন্টে এখন বিজেপির কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করছে। তারা চায় আরও প্রতিক্রিয়ামূলক কর্মকাণ্ড।
এদিকে রাম নায়েকের বক্তব্যের পক্ষে সাফাই গান বিজেপি মুখপাত্র সিদ্ধার্থ নাথ সিং বলেন, " রামের (দেবতা রাম) নাম নেয়া কী ভুল? রামের মন্দির নির্মাণ করা কী ঠিক নয়? কোটি কোটি মানুষ রামে বিশ্বাসী এটা কী ভুল? বিরোধীদের উচিত বৈধ ইস্যু নিয়ে জনসম্মুখে কথা বলা এবং প্রচারণা চালানো।"
এমএ





