অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক মাসের বেশি সময় ধরে চলমান ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে অন্তত ৪৫০ শিশু শহীদ হয়েছে। সর্বশেষ হিসাবে গাজায় শিশু হত্যার এ মর্মান্তিক সংখ্যা উঠে এসেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরাইলির আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছে অন্তত ১০ হাজার। হতাহতের এ সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে।

জাতিসংঘের হিসাবে বলা হয়েছে, ঘন বসতিপূর্ণ গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় ৬৫ হাজার মানুষ ভিটেমাটি হারিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত সাড়ে চারশ’ শিশু রয়েছে। আহতদের এক তৃতীয়াংশই শিশু বলেও এ হিসাবে বলা হয়েছে। গাজার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ হামলায় এক শিশুসহ অন্তত নয় ফিলিস্তিনি শহীদ হয়েছে। এ ছাড়া, শনিবার ৫০ দফা হামলায় তিনটি মসজিদ ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরাইল।

গাজার কেন্দ্রস্থলের শরণার্থী শিবির আল-মাগাজি, দেইর-আল-বালাহ্‌, রাফাহ, জাবালিয়া শহরে এ সব হামলা চালান হয়েছে। এ ছাড়া, ইহুদিবাদী ইসরাইলের হামলা থেকে রেহাই পায় নি গাজা শহরের উপকণ্ঠের শেজাইয়াও।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই