ইসরাইলি দখলদাররা আবারও গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বর্বর হামলা চালিয়েছে। যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকায় ওই স্কুলটিতে ফিলিস্তিনি উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছিলেন। আজ (রোববার) ইহুদীবাদী ইসরাইলিদের চালানো ওই হামলায় কমপক্ষে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় জরুরি সেবা কার্যক্রমের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, গাজার দক্ষিণের শহর রাফায় অবস্থিত এই স্কুলে রোববার সকালের দিকে আকস্মিক হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাহায্যে নিয়োজিত জাতিসংঘের ত্রান কার্যক্রমের মুখপাত্র ক্রিস গানেস বলেন, এই স্কুলটিতে হাজার হাজার গৃহহারা ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন, যারা ইসরাইলের একের পর এক বর্বর হামলায় গৃহ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন।

তিনি বলেন, রোববার সকাল ১০টা ৫০মিনিটে এই হামলা চালানো হয়। গানেস বলেন এভাবে নিরস্ত্র সাধারণ জনগণের ওপর হামলা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, স্কুলটিতে আশ্রয় নেয়া উদ্বাস্তুরা যখন খাবার গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই যায়নবাদী ইসরাইলি সেনারা হামলা চালায়।

গত ১০ দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত কোন স্কুলে ইসরাইলি দখলদারদের এ ধরনের জঘণ্য হামলার এটি তৃতীয় ঘটনা।

এর আগে গত রোববার গাজার দক্ষিণে রাফাহ শহরে এরকমই এক হামলা চালিয়ে শিশুসহ ২২জনকে হত্যা করে দখলদার ইহুদীরা। নিহতদের মধ্যে ছিলেন একই পরিবারের ১০জন।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে গাজায় ইসরাইলি বর্বরতায় এ পর্যন্ত কমপক্ষে ১৭৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের ৮০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধ। এছাড়া ইহুদী আগ্রাসনে আরও অন্তত ৯,২০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এক হিসেবে বলা হয়েছে নিহতদের মধ্যে প্রায় ৪০০ শিশু।

এদিকে, গাজায় ইসরাইলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলি শহরগুলোতে তাদের রকেট হামলা অব্যাহত রেখেছে। (সূত্র: আল জাজিরা, প্রেসটিভি)


ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি