শীতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যে প্রথমবারের মতো টিকার অনুমোদন দিয়েছে চীনা সরকার। রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ওষুধ প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি কোভিড-১৯-এর টিকা জনসাধারণের ওপর প্রয়োগের জন্য আজ বৃহস্পতিবার অনুমোদন দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউনিভার্সিটি অব হংকংয়ের বায়োমেডিকেল সায়েন্সেসের অধ্যাপক ডং-ইয়ান জিন বলেন, ‘আমরা এখনো এই টিকার মূল বিস্তারিত জানতে পারিনি। চীনের এই অনুমোদনের মাধ্যমে ধারণা করা হয়, শুধু কর্তৃপক্ষের ক্ষেত্রেই এ ব্যাপারে বিস্তারিত জানার সুযোগ আছে।’

অধ্যাপক ডং-ইয়ান জিন আরো বলেন, ‘চীনের অনুমোদনের ফলে এই টিকা ব্যবহারের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়তে পারে। যদি ভ্যাকসিনটি বিশ্ববাজারে নিয়ে আসা হয়, বিশেষত উন্নত দেশগুলোতে—তাহলে আরো বিস্তারিত তুলে ধরা প্রয়োজন। যদি এই টিকা যুক্তরাষ্ট্র অথবা ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পায়, তাহলে আরো বেশি মানুষের ক্ষেত্রে ভ্যাকসিনটি ব্যবহারে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে।’

অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথের অধ্যাপক নিকোলাই পেত্রোভস্কি বলেন, ‘আমি মনে করি না যে চীনাদের অনুমোদন বা যুক্তরাজ্যের জরুরিভাবে তাদের নিজস্ব টিকাগুলোর অনুমোদনের বিষয়টি তৃতীয় পক্ষের দেশগুলোকে খুব বেশি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তাদের স্বতন্ত্রভাবে মূল্যায়ন করা দরকার।’

নিকোলাই পেত্রোভস্কি, ‘চীনা টিকার ব্যাপারে এখনো তথ্যের ঘাটতি রয়েছে। তাই ৭৯ শতাংশ কার্যকরের বিষয়টি সম্পূর্ণ তথ্য ছাড়া জানা সম্ভব নয়।’

বাজারে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলছে উল্লেখ করে এই অধ্যাপক বলেন, ‘পশ্চিমা দেশগুলো যদি আরো তথ্য ছাড়া এই টিকার অনুমোদন দেয় তাহলে আমি অনেক অবাক হব।’ 

এমআর