পাকিস্তানে বন্যার পানিতে বরসহ তলিয়ে গেছে অন্তত ১৮ জন। তবে, বেঁচে গেছে নববধূ। রোববার পাঞ্জাব প্রদেশের মুলতানের নিকট এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি নববধূ ও বরসহ ৩০ জনের বেশি যাত্রী বহন করছিল। খবর ডনের।

জীবিত উদ্ধার করা হয়েছে ১৮ জনকে। উদ্ধার করতে গিয়ে একজন সেনা কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, নৌকাটি মুলতানের নিকটবর্তী অঞ্চল দিয়ে যাওয়ার সময় পানির নিচে লুকিয়ে থাকা একটি শক্ত বস্তুতে আঘাত লেগে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ওই শক্ত বস্তুটি পার্শ্ববর্তী নদীর বাঁধের বলে জানা গেছে। মাত্র কদিন আগেই নদীর বাঁধটি ধ্বংস করে দেয় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা। শহরে আটকে থাকা বন্যার পানি নদীতে প্রবাহিত করার জন্যই বাঁধটি ধসে দেয়া হয়।

উদ্ধারকর্মীরা আরও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। নববধূকে উদ্ধারের পর তিনি সাংবাদিকদের বলেন, "নৌকাটিতে আমরা অনেকেই ছিলাম। নৌকাটি হেলেদুলে চলতে থাকে এবং হঠাৎ করেই এটি উল্টে যায়। জানি না কে বেঁচে আছে, আর কে মারা গেছে।" সূত্র: ডন

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ