যুক্তরাষ্ট্রের আদালতে বন্দি এক ইরানি বিজ্ঞানীর মুক্তির বিনিময়ে গুপ্তচর বৃত্তির দায়ে কারাবন্দি এক চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষককে মুক্তি দিয়েছে তেহরান।
পরমাণু চুক্তি নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই সুইডেন সরকারের মধ্যস্ততায় এই বন্দিবিনিময় হয়েছে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। খবর আলজাজিরা ও ডয়েচে ভেলের।
খুব শিগগির ওই দুই ব্যক্তি নিজেদের পরিবারের কাছে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। অপর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আমেরিকান গবেষকের মুক্তির খবর নিশ্চিত করেছেন।
এক টুইটবার্তায় শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ লিখেছেন, আনন্দের খবর যে অধ্যাপক মাসুদ সোলাইমানি ও জিউয়ে ওয়াং শিগগিরই তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, বিশেষ করে সুইডেন সরকারকে।’
বিদেশি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ২০১৬ সালে ইরানে গ্রেফতার হোন চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষক সিউয়ে ওয়াং। গত বছর ইরানি স্টেম সেল বিশেষজ্ঞ মাসুদ সোলেইমানিকে শিকাগো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াংকে গুপ্তচরবৃত্তির অজুহাতে আটক রাখা হয়েছিল। তিনি বলেন, বন্দি থাকা আমেরিকান নাগরিকদের ফিরিয়ে আনা আমার প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমাদের যেসব নাগরিককে বিদেশে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে, তাদের সবাইকে ফিরিয়ে আনা অব্যাহত রাখা হবে।
মাসুদ সোলাইমানির মুক্তির পর তার সঙ্গে তোলা ছবিও টুইটারে প্রকাশ করেছেন জাভেদ জারিফ। আর ওয়াংয়ের স্ত্রী হুয়া কু তার স্বামীর মুক্তির কথা নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আবারও পূর্ণ হতে যাচ্ছে আমার পরিবার। তিন বছর ধরে এই দিনটির অপেক্ষা করেছি আমি আর আমাদের সন্তান সাওফান। আর এটা ঘটতে যারা আমাদের সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
এমএম





