তুরস্কের ইস্তাম্বুলে একটি থানায় বোমা হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য ও দু'জন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার পরিচালিত নিউজ এজেন্সি আনাদোলু।

ইস্তাম্বুলের সালতানবেইলির উপকণ্ঠে ওই থানাকে টার্গেট করে স্থানীয় সময় সোমবার ভোরে এ হামলা চালানো হয়। এতে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনতলা ভবনের একটি অংশ ধসে পড়েছে।

এছাড়াও বিস্ফোরণের কারণে পাশের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় পাশেই পার্কিং করে রাখা প্রায় ২০টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে দোগান নিউজ এজেন্সি।

বিস্ফোরণে আহত একজন পুলিশ অফিসারের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপরদিকে অপরিচিত অস্ত্রধারীর হামলায় আহত হন একজন সাধারণ নাগরিক।

পুলিশ এ হামলার কারণ খুঁজতে তদন্তে নেমেছে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার প্রতিবেদক বার্নার্ড স্মিথ জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার ভোর ১টার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলার স্থানটি ইস্তাম্বুলের শহরের কেন্দ্রীয় অংশ থেকে একটু দূরে সীমানার কাছে, যেটাকে একটি 'রক্ষণশীল' এলাকা হিসেবেই মনে করা হয়।

এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যখন ইরাকের ইসলামিক স্টেট ও আইএসআইএলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক।

এআর