পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েকের বেসরকারি সংস্থা (এনজিও) ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত সরকার। আজ মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
‘অবৈধ সংস্থা’ হিসেবে তা নিষিদ্ধ করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ মঙ্গলবার ভারতের নাগরিক জাকির নায়েকের ওই এনজিওকে নিষিদ্ধ করার অনুমোদন দেয়। এরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধের বিষয়ে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি খসড়া নোট আজ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে উত্থাপন করা হয়। আলোচনা শেষে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়।
খসড়া নোটে বলা হয়েছে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রধান হিসেবে জাকির নায়েক বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, যা অন্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। মহারাষ্ট্র পুলিশ এগুলো তদন্ত করেছে।
মৌলবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তরুণদের জড়িত করার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে মহারাষ্ট্র রাজ্যের পুলিশ।
জাকির নায়েকের বিরুদ্ধে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিদেশি তহবিল সরিয়ে পিস টিভিতে ‘আপত্তিকর’ অনুষ্ঠান তৈরির অভিযোগও আছে।
জাকির নায়েক পরিচালিত দুটি শিক্ষা ট্রাস্টের কর্মকাণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা তদন্ত করে দেখছে।
এআই





