সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস ও আইএসআইএল এর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইরাক। সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে।
তবে সিরিয়া সরকারের অনুমতি নিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনী।
বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইরাকি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হায়দার আল আবাদির (প্রধানমন্ত্রী) নির্দেশে এ হামলা চালানো হয়। এতে ইরাকি সেনারা বিরোচিতভাবে সন্ত্রাসীদের আস্তানায় আঘাত হানে।
ইরাকি সেনাবাহিনীর এ হামলার সময় সন্ত্রাসীরা মোকাবেলা করার চেষ্টা করেছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেনাবাহিনীর দক্ষতার কাছে তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি।
তবে এ হামলার আইএসআইএস বা আইএসআইএল এর কোনো সদস্য নিহত হয়েছে কিনা বা তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি।
হামলায় ইরাকি সামরিক বাহিনীর এফ-১২ ফাইটের জেট ব্যবহার করা হয়।
ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এফ-১২ ফাইটার জেট ইরাক থেকে উড্ডয়ন করে সিরিয়া সীমান্তে ঢুকে টার্গেটে হামলা চালায়। সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে অভিযান সমন্বয় করা হয় বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ইরাকের প্রধানমন্ত্রীর ইরাকে অভিযানের ঘোষণা দেয়ার পরদিনই এ হামলা চালানো হয়েছে। সূত্র: আলজাজিরার।
এসএম





