আমেরিকান পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটেও (Senate) এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের খসড়া বিল পাস হয়েছে।

রাশিয়ার ঘনিষ্ঠজন বলে সমালোচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ থেকে আপত্তি সত্বেও ৯৮-২ ভোটের বিশাল ব্যবধানে প্রস্তাবটি পাস করেন সিনেটররা, খবর বিবিসি।

এর আগে আমেরিকান পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভেও (House of Representatives) বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে প্রস্তাব পাশ হয়।

আমেরিকার নিয়ম অনুযায়ী এখন বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে তার স্বাক্ষরের জন্য। তিনি স্বাক্ষর করলে এটি আইন হিসেবে কার্যকর হবে।

তবে, এতে ভেটো দেয়ার অধিকার রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু তাতে আবারো রাশিয়ার কট্টোর সমর্থক বলে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা দেশবাসীর কাছে আরো বিশ্বাসযোগ্য বলে প্রমাণিত হওয়ার আশংকা রয়েছে।

এমন পরিস্থিতিতে বেশ বিপাকেই পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাছাড়া তিনি এই বিলে ভেটো দিলে সেটি ফের সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হলে তার স্বাক্ষর ছাড়াই এটি বিল হিসেবে চূড়ান্ত হয়ে যাবে, যা হবে ট্রাম্পের জন্য আরো বিব্রতকর।

এদিকে, ইতোমধ্যেই মার্কিন পার্লামেন্টের উভয় কক্ষেই এই নিষেধাজ্ঞার প্রস্তাবটি দুই-তৃতীয়াংশেরও বেশি ভোটে পাস হয়েছে। তাই শেষমেষ ট্রাম্প এই বিলে ভেটো দিলেও তা যে খুব একটা কাজে আসবে না সেটাই ধারণা বিশ্লেষকদের।

এমন একটা সময় এই নিষেধাজ্ঞা আরোপিত হলো যখন বিগত ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের সমর্থনে রাশিয়ার ভূমিকা পালনের বিষয়টি জোরালোভাবে আলোচিত হচ্ছে। অবশ্য ট্রাম্প রাশিয়ার সাথে তার যোগসাজশের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন।

উল্লেখ্য, রাশিয়া ছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরান ও উত্তর কোরিয়া।

কেবি