ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (১৭ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফ্রান্স সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক প্রসিকিউটরও।

আজ রোববার (১৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার ফ্রান্সের দক্ষিণে পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

আঞ্চলিক প্রসিকিউটর প্যাট্রিস ক্যাম্বেরউ এএফপিকে বলেছেন, দক্ষিণ ফ্রান্সের গনফারন গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে। ফরেনসিক তদন্তকারীরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা বলেন, দুর্ঘটনার পর আশপাশের গাছপালায় আগুন লেগে যায় এবং পরে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

এবিএস