ভারতের জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান বলছে, ২০১২ সালে দেশে ১ লাখ ৩৫ হাজার ৪৪৫ মানুষ আত্মহত্যা করেছে৷ অর্থাৎ গড়ে দৈনিক ৩৭১টি আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ এদের মধ্যে ২৪২ জন পুরুষ এবং ১২৯ জন নারী।
এই হিসেবে ২০১২ সালে গোটা দেশে আত্মহত্যাকেই মুক্তি বলে মনে করেছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪৫ মানুষ৷ এর মধ্যে অবশ্য পশ্চিমবঙ্গকে ধরা হয়নি৷ কারণ পশ্চিমবঙ্গ থেকে ১৫ হাজার আত্মহত্যার যে পরিসংখ্যান দেয়া হয়েছে, তাতে প্রকৃতিগত বিন্যাসে অস্পষ্টতা রয়ে গেছে৷
এই চরমপন্থা গ্রহণের ক্ষেত্রে শীর্ষে আছে দক্ষিণী রাজ্য তামিলনাড়ু৷ এক বছরে সেখানে আত্মহত্যা করেছে প্রায় ১৭ হাজার মানুষ৷ দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, আত্মহত্যার সংখ্যা সেখানে ১৬ হাজারেরও বেশি৷ পশ্চিমবঙ্গের স্থান তৃতীয় এবং অন্ধ্রপ্রদেশ চতুর্থ৷ ২৮টি রাজ্যে মোট আত্মহত্যার ঘটনা ঘটে ১ লাখ ৩২ হাজার ৬৬৭ এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২৭৭৮৷ কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপ হলো একমাত্র অঞ্চল যেখানে আত্মহত্যার ঘটনা ঘটেছে মাত্র একটি৷ কেন্দ্রশাসিত দিল্লিতে এই সংখ্যা প্রায় ১৯০০৷ আত্মহত্যার পথ হিসেবে সবথেকে বেশি পছন্দ গলায় দড়ি ৩৩ শতাংশ, বিষ খাওয়া ২৯ শতাংশ, গায়ে আগুন লাগানো ৮.৫ শতাংশ৷ জানা গেছে, ২০১২ সালে ৫০ হাজারেরও বেশি মানুষ গলায় দড়ি দেয়, যার মধ্যে প্রায় ৩৫ হাজার পুরুষ৷ আর বিষ খেয়ে মারা যায় ১৯ হাজার ৪৪৫ জন, যার মধ্যে প্রায় সাড়ে ১২ হাজার নারী। সূত্র: ডিডব্লিউ
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]