চীনে যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে নদীতে পড়ে গেলে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গাইঝুতে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

খবরে বলা হয়, গাইঝুর নাইওং কাউন্টির বিজি শহরে মিনিবাস দুর্ঘটনা ঘটে।

বিজির পাহাড়ি পথ ধরে চলার সময় বাসটি প্রায় একশ' মিটার নিচে নদীতে পড়ে যায়।

উদ্ধারদল জানিয়েছে, এই দুর্ঘটনায় ২১ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত আরও তিন জন।

সিনহুয়া জানিয়েছে, এরই মধ্যে দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, পাহাড়ি ওই রাস্তায় কেবলমাত্র ছোট বাস চলতে পারে। মিনিবাসটি সে তুলনায় কিছুটা বড় এবং সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রসঙ্গত, শনিবার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে একটি ট্রাক উল্টে অন্তত ১২ জন মারা যান।

জেআই