সিলেটে রায়হান আহমদ ও ফেনীতে ইউনুস বাবু নামে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতি দিয়েছেন।
সোমবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, ‘গত শনিবার সিলেট মহানগরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদ নামে এক যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। রায়হানের পরিবার অভিযোগ করেছে রায়হানকে পুলিশ উঠিয়ে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয় যে, ভোর ৪টা ২৩ মিনিটের সময় অপিরিচিত একটি নাম্বার থেকে কল দিয়ে রায়হান জানায় পুলিশ তাকে ধরে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে এসেছে। এখন তার কাছে ১০ হাজার টাকা ঘুষ চাচ্ছে। টাকা দিলে তাকে ছেড়ে দিবে। ফজরের সময় রায়হানের চাচা তাকে ছাড়াতে পুলিশ ফাঁড়িতে যান। পুলিশ তাকে জানান রায়হান এখন ঘুমাচ্ছে। আপনি পরে আসেন। তখন রায়হানের চাচা বাসায় ফিরে আসেন। ৯টার দিকে তিনি পুনরায় পুলিশ ফাঁড়িতে যান।
পুলিশ সদস্যরা জানান, রায়হানকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে ছুটে গেলে তিনি জানতে পারেন রায়হান মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রায়হান গণপিটুনিতে নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে গত শনিবার ফেনী জেলার সোনাগাজী এলাকায় সেপটিক ট্যাংক থেকে ইউনুস বাবু নামে একজন শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। একটি আইফোনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ইউনুস বাবুকে গলাকেটে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ সকল হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ধর্ষণ, অপহরণ, খুন, গুম, ও দুর্নীতির কারণে গোটা দেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা বলতে আজ কিছু নেই। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় গুম, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছেই। মানুষের জানমালের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে।
অবিলম্বে সিলেটে রায়হান আহমদ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ এবং ফেনীর ইউনুস বাবু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি
এমআর





