ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্যকরে ট্যাঙ্ক হামালা চালিয়েছে। ফিলিস্তিন এলাকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা সেখানে এ হামলা চালায়। শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী একথা জানায়।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা গাজা উপত্যকার উত্তরে ‘সন্ত্রাসীদের অবস্থান’ লক্ষ্যকরে রাতে হামলা চালায়।
গাজার জরুরী সেবা সংস্থার মুখপাত্র জানান, সেখানে ইসরাইলি সামরিক বাহিনীর এ হামলায় কেউ আহত হয়নি।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে চালানো রকেট হামলার জবাবে সেখানে তাদের ট্যাঙ্ক হামলা চালানোর খবর নিশ্চিত করেছে। রকেট হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়। তবে এতে কেউ আহত হয়নি।
আন্ত:সীমান্ত রকেট হামলা বন্ধের লক্ষ্য নিয়ে ইসরাইল গত গ্রীষ্মে গাজায় কার্যত ক্ষমতায় থাকা হামাসের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে।
৫০ দিনের ওই সংঘাতে ২ হাজার ১৪০ জন ফিলিস্তিনি এবং ৭৩ জন ইসরাইলি নাগরিক নিহত হয়। উল্লেখ্য, ফিলিস্তিনি নাগরিকদের অধিকাংশ বেসামরিক নাগরিক এবং ইসরাইলিদের বেশীর ভাগই সৈন্য ছিল।
গত ২৬ আগস্ট অস্ত্র বিরতি কার্যকরের পর গত ডিসেম্বর মাসে ইসরাইলি সামরিক বাহিনী প্রথমবারের মতো গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূ-খন্ডে রকেট হামলা চালানোর পর তারা এ বিমান হামলা চালায়। তবে পাল্টাপাল্টি এসব হামলায় কোন পক্ষের কেউ আহত হয়নি।
জেডআই





