ইরানের পরমাণু কর্মসূচির প্রধান আলী আকবর সালেহির দেহে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। অন্ত্র ফুটো হয়ে যাওয়ায় তার দেহে এ অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়।
স্বাস্থ্যমন্ত্রী হাসান হাশেমির বরাত দিয়ে সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্র ফুটো হয়ে যাওয়ার বিষয় ধরা পড়ায় সেখানে সফল অস্ত্রোপচার করা হয়।
‘সালেহির বর্তমান শারীরিক অবস্থা সন্তোষজনক এবং আগামী কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’
ইরানের পারমানবিক শক্তি সংস্থার প্রধানের পাশাপাশি তিনি দেশের ভাইস প্রেসিডেন্টদের অন্যতম একজন। বর্তমানে তার বয়স ৬৬ বছর।
সালেহি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পারমানবিক প্রকৌশলের ওপর ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। গত ২ এপ্রিল বিশ্বের ক্ষমতাধর ছয়টি দেশের সাথে পারমানবিক কাঠামো চুক্তি সম্পাদনের পথ প্রশস্ত করার কারিগরি আলোচনায় তিনি প্রধান ভূমিকা পালন করেন।
জেডআই





