সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর রাজধানী রিয়াদে রাষ্ট্রীয়ভাবে জানাজার আয়োজন করা হয়। রাষ্ট্রীয় এ জানাজায় অংশ নেন কুয়েত, কাতারের আমির, মিশরের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী অনেকে।

বৃহস্পতিবার স্থানীয় সময় গভীর রাতে রিয়াদের একটি হাসপাতালে তিনি মারা যান। বাদশাহ আবদুল্লাহ'র মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্ব নেতারা।

এদিকে, সৌদি বাদশাহ'র মৃত্যুতে আগামীকাল শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। এদিন সারাদেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, তাঁর মৃত্যুতে সমবেদনা জানাতে শনিবার সৌদি আরব যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

২০০৫ সালে তৎকালীন বাদশাহ ফাহদের মৃত্যুর পর সৌদির সিংহাসনে বসেন বাদশাহ আবদুল্লাহ। যদিও ১৯৯৫ সালে বাদশাহ ফাহাদ হৃদরোগে আক্রান্ত হবার পর থেকেই বাদশাহর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ। সবশেষ কয়েক সপ্তাহ আগে ফুসফুসে সংক্রমণ জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার ভোরে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হল তার মৃত্যুর খবর।

এসময় টিভি উপস্থাপক ঘোষণা করেন, 'বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ রাত ১টার দিকে মারা গেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে সৌদির শাসনভার গ্রহণ করেছেন সালমান বিন আবদুল আজিজ আল সউদ।'

১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে ৫৩ সাল পর্যন্ত দেশ শাসন করেন বাদশাহ আব্দুল আজিজ আল-সউদ। তার মৃত্যুর পর থেকে সউদের ছেলেরাই ক্রমানুযায়ী ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন। আব্দুল্লাহ ছিলেন তার ১৩ তম সন্তান। ৯০ বছর বয়সী আব্দুল্লাহ'র মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রিন্স সালমান। তিনি ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর সউদ রাজপরিবারে জন্মগ্রহণ করেন। আরেক সৎভাই ষাটোর্ধ্ব মুকরিনকে নতুন যুবরাজ ঘোষণা করা হয়।

সৌদির শাসকদের মধ্যে আবদুল্লাহ অনেকটা সংস্কারমনা ছিলেন। মানবাধিকার প্রতিষ্ঠা, পৌর নির্বাচন ব্যবস্থা চালু, নারীদের ভোটাধিকার, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরবদের কাছে সুনাম অর্জন করেন তিনি।

এদিকে, সৌদি বাদশাহ'র মৃত্যুর পরপরই বিশ্ব বাজারে তেলের দাম ২ থেকে ৩ শতাংশ বেড়েছে।
জেআই