সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিব থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। গত কয়েক মাসে এখানে ব্যাপক গোলাবর্ষণের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে পরিবার-পরিজন নিয়ে মানুষ ছুটছে অজানা গন্তব্যে।

ইদলিবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আলেপ্পোতেও ব্যাপক বিমান হামলা চলছে। আলেপ্পো থেকে প্রায় ৫৯ কিলোমিটার দূরে ইদলিব এখন ভয়াবহ আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে।

ইদলিবে সাম্প্রতিক সময়ে বিমান হামলার অভিযোগের তীর রাশিয়ার দিকে। সেখানে হাসপাতালের কাছে একটি এলাকায় বিমান হামলায় বহু লোক মারা যায়। যদিও রাশিয়ার তরফ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তুরস্ক ইতিমধ্যে সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আহবান জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া বিষয়ক মানবাধিকার সংস্থা এসওএইচআর মঙ্গলবার জানিয়েছে, সোমবার গভীর রাতে রাশিয়ার বিমান হামলায় ২৩ বেসামরিক লোক নিহত হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও ইদলিবে এ বোমা হামলা চলে।

এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সেখানে কোনো বিমান হামলা চালাননি। রাশিয়ার সামরিক মুখপাত্র আইগর কোনাশেনকভ বলেন, তাদের বিমান বাহিনী এ ধরনের কোনো সামরিক অভিযান পরিচালনা করেনি।

উল্লেখ্য ২০১১ সাল থেকে শুরু হওয়া সিরীয় যুদ্ধে কমপক্ষে ২ লাখ ৮০ হাজার লোক নিহত হয়েছে এবং দেশটির অর্ধেকেরও বেশি লোক ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। সূত্র: আল জাজিরা

এআই