সম্প্রতি প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর যোগ্য উত্তরসূরী হিসেবে ইঞ্জিনিয়ার ফরাসত আলীকে জাতীয় সংসদের মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার) আসনের উপ-নির্বাচনে নিউইয়র্কের সর্বস্তরের প্রবাসী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানিয়েছেন।

ফরাসত আলী একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবী এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
ইঞ্জিনিয়ার ফরাসত আলী সমর্থক গোষ্ঠীর উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ জুইস সেন্টারে গত ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় এই সভার আয়োজন করা হয়।
মৌলভীবাজারবাসী তথা দেশের কল্যাণে মহসীন আলী যেমন দিয়ে যাওয়ার রাজনীতি করেছেন, তেমনী রাজনীতির অধিকারী ফরাসত আলী। তাই সকল দিক বিবেচনা করলে ফরাসত আলীই পারেন মরহুম মন্ত্রীর শূন্য স্থান পূরণ করতে।
বক্তারা বলেন, শুধু মৌলভীবাজারবাসীই নন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যের প্রবাসীরাও ফরাসত আলীকে মৌলভীবাজার-৩ আসন থেকে জাতীয় সংসদে দেখতে চান। তিনি প্রবাসীদের পক্ষ থেকে একমাত্র প্রার্থী। সরকার তাকে সম্মানিত করলে এলাকাবাসীদের যেমন আশা পূরণ হবে, তেমনী প্রবাসীরাও সম্মানিত হবেন।
সভায় ইঞ্জিনিয়ার ফরাসত আলী বলেন, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আওয়ামী লীগের রাজনীতি আর সমাজ কর্মের মধ্য দিয়ে সাধ্য মতো প্রবাসীদের সেবা করার চেষ্টা করেছি। জননেত্রী, প্রধানমন্ত্রী আমাকে সম্মান জানিয়ে ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ দিয়েছেন। আমার আর চাওয়া পাওয়ার পর কিছু নেই। তারপরও মৌলভীবাজারবাসী তথা দেশের জনগণের সেবা করার সুযোগ পেলে সাধ্য মতো সেবার করার চেষ্টা করবো।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ প্রবাসী গজনফর আলী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠিত সভায় ইঞ্জিনিয়ার ফরাসত আলীর উপস্থিতিতে সভায় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সভার বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি যথাক্রমে আকতার হোসেন, সৈয়দ বসারত আলী ও লুৎফুল কবীর, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ সিদ্দিকুল হাসান, বাংলাদেশ সোসাইটি ইন্ক নিউইয়র্কের সাবেক সভাপতি কামাল আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল খান, মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ’র প্রতিষ্ঠিাতা সভাপতি আব্দুল মালেক সিপিএ ও বর্তমান সভাপতি আজমল হোসেন খান, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুজ্জামান চৌধুরী শাহী, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক নুবেন্দু দত্ত ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।
ইআর