ইন্দোনেশিয়ার বালি দ্বীপের অদূরে সমুদ্রে স্কিউবা ডাইভিং-এ গিয়ে সাত জাপানি পর্যটক নিখোঁজ হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।
পুলিশের মুখপাত্র হারিয়াদি এএফপিকে বলেন, পর্যটক দলটি একটি স্পীড বোটে করে পর্যটন দ্বীপ বালির দক্ষিণ-পূর্ব দিকের ছোট্ট দ্বীপ নুসা লেম্বনখানের উদ্দেশে রওনা হওয়ার পর নিখোঁজ হন।
তিনি বলেন, ‘শুক্রবার এই এলাকায় ডাইভিং করার পর সাত জাপানি পর্যটক নিখোঁজ হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা আজ সকালে সমুদ্র সৈকত ও পাশ্ববর্তী এলাকায় তল্লাশি চালাতে কয়েকটি উদ্ধারকারী নৌযান ও একটি হেলিকপ্টার পাঠিয়েছি।’
পর্যটক দলটি স্পীড বোটে থাকা অবস্থায় নাকি সাগরে ডাইভিংয়ে নামার পর বিপদে পড়েন তা পরিষ্কার নয়।
হারিয়াদি বলেন, ‘প্রথমে আমরা তাদের খুঁজে বের করতে চাই। তাদের স্পীডবোটের ইঞ্জিনে সমস্যা হয়েছে নাকি তারা প্রবল স্রোতে বা খারাপ আবহাওয়ার কবলে পড়েছে তা আমরা জানি না।’
দেনপাসারে অবস্থিত জাপানের ডেপুটি কনসাল জেনারেল ইয়াসুয়ে কাৎস্যুনোবু নিখোঁজ পর্যটকরা জাপানি নাগরিক বলে নিশ্চিত করে বলেন, তিনি তল্লাশি অভিযানের ফলাফলের অপেক্ষা করছেন। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]