তুরস্ক ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে মিলে রাশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে বুধবার এই মসজিদটি উদ্বোধন করা হয়।
দীর্ঘ ১০ বছরে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩৬০ কোটি টাকা) ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয়। অর্থের পুরোটাই ব্যক্তিগত দান থেকে এসেছে। মসজিদটিতে একত্রে ১০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।
১৯৯৯ সালে ক্ষমতায় আসার পর থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের মুসলিমদের বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন পুতিন। তবে বক্তৃতায় মৌলবাদ প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির ধর্মীয় নেতাদের মধ্যে সহযোগিতার প্রশংসা করেছেন পুতিন।
পুতিন বলেন, "চরমপন্থা প্রতিরোধে রাশিয়ার মুসলিম নেতারা আগ্রহের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এমন বীরের কাজ যারা করছেন আমি সত্যিই তাদের প্রতি সম্মান জানাচ্ছি।"
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। দেশটিতে ২ কোটি ৩০ লাখ মুসলিম বাস করেন। তাদের অধিকাংশই উত্তর ককেশিয়ান রিপাবলিকে বাস করছেন।
আনুমানিক ২০ লাখ মুসলিম রাশিয়ার রাজধানী মস্কোতে বাস করেন। তারা অধিকাংশই উত্তর ককেসাস, আজারবাইজান ও সোভিয়েত আমলে মধ্য এশিয়া থেকে এসেছিলেন।
২০১১ সালে মস্কোতে ১০০ বছরের পুরনো একটি ছোট মসিজদ ভেঙে যায়। তার পাশেই নতুন মসজিদটি তৈরে হয়েছে। এটি নিয়ে মস্কোতে মাত্র ছয়টি মসজিদ হলো।
সেখানে আরো মসজিদ তৈরির জন্য ধর্মপ্রাণ মুসলিমরা দাবি জানালেও শহরের কর্মকর্তারা ও বাসিন্দারা বিরোধিতা করেছেন।
জেডআই





