ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আজাদ কাশ্মীরের প্রধান মাসুদ খানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন বলে খবর প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা 'তাসনিম'।
কাশ্মীর নিয়ে পাকিস্তান কারো ভয়ে ভীত নয় মন্তব্য করে ইমরান খান বলেন, পাকিস্তান জাতিসংঘের সহযোগিতায় ভারতকে কাশ্মীরিদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দেয়ার বিষয়ে রাজি করানোর চেষ্টা করছে।
এর মাধ্যমে তিনি কাশ্মীর ভারতের সঙ্গে থাকবে কি থাকবে না সে বিষয়টি কাশ্মীরিদের গণভোটের মাধ্যমে নির্ধারণ করার ওপরই জোর দিয়েছেন।
এ সময় তিনি কাশ্মীরিদের ওপর ভারতীয় সেনাবাহিনী হামলার নিন্দা জানান।
ভারত সরকার জম্মু-কাশ্মীরে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে। এর ফলে সেখানকার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
কাশ্মিরের জনগণ সব সময় জাতিসংঘের ইশতেহার অনুযায়ী সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছে। ওই ইশতেহারে গণভোটের মাধ্যমে কাশ্মিরী জনগণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু ভারত সরকার তাতে রাজি হচ্ছে না।
বর্তমানে কাশ্মীরের একাংশ ভারত এবং আরেক অংশ পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে দুই দেশই পুরো কাশ্মীরের ওপর মালিকানা দাবি করে আসছে।
এমআর





