নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরিতে মসজিদে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতের এ ঘটনায় ১৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

স্থানীয় এবং সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। তবে সরকারি হিসেবে হতাহতের সংখ্যা আরো কম উল্লেখ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার চরমপন্থি গোষ্ঠী বোকো হারাম এ ধরনের হামলা চালিয়ে থাকে। পূর্বের হামলার তিন ঘণ্টার মধ্যে মাইদুগুরির কাছে রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জনকে হত্যা করেছে।

প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি শপথ নেয়ার মাত্র একদিন পর এই হামলার ঘটনা ঘটলো। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বুহারি জানিয়েছেন, মসজিদ হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করবে তার সরকার।

বোর্নো স্টেটের পুলিশ কমিশনার আদেরেমি ওপাদোকুন জানিয়েছেন, নিজের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে এক আত্মঘাতী হামলাকারী শহরের বাজার এলাকায় অবস্থিত আলহাজি হারুনা মসজিদে ওই হামলা চালায়। হামলায় মসজিদের একপাশের প্রাচীর ভেঙে গুড়ো গুড়ো হয়ে গেছে। আর এক প্রাচীরে লেগে আছে রক্তের দাগ।

ওই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন,হামলায় ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় সন্ত্রাসী হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বোকো হারাম। তারা ওই অঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে লড়াই করে আসছে।

কেএইচ