কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৩ বছরের জন্য সিপিএ'র চেয়ারপার্সন পদে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের ১৭৫টি পার্লামেন্টের ৩২১ জন ভোটার ছিলেন।
বাংলাদেশ পার্লামেন্ট ১৯৭৩ সাল থেকে পৃথিবীর বৃহৎ এই সংসদীয় ফোরামের সদস্য। বাংলাদেশের কোনো স্পিকার এবারই প্রথম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেইম্যান আইল্যান্ডসের আইনসভার স্পিকার জুলিয়ানা ও’কনর কন্নোলি।
ভৌগোলিকভাবে সিপিএ কয়েকটি অঞ্চলে বিভক্ত। অঞ্চলগুলো হলো— আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রিটিশ আইল্যান্ড ও ভূমধ্যসাগরীয় অঞ্চল, কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকা ও আটলান্টিক, ইন্ডিয়া এবং প্যাসিফিক জেস দক্ষিণ-পূর্ব এশিয়া। বাংলাদেশ জাতীয় সংসদ সিপিএ এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত।
একে





