ফিলিপাইনের উত্তরপূর্ব উপকূলের ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী ঝড়। এ ঝড়ের আঘাতে ২ জন নিহত হয়েছেন।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা সোমবার একথা জানান।
'নোল' ঘন্টায় ২২০ কিলোমিটার বেগে উপকূলীয় গ্রামগুলোর ওপর দিয়ে বয়ে যায়। ঝড়টির গতিপথে বসবাসকারী অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। তারা রোববার রাত থেকে বাড়ি ফিরতে শুরু করেছে।
এ বছর এখন পর্যন্ত যে কয়টি ঝড় ফিলিপাইনে আঘাত হেনেছে তাদের মধ্যে নোল সবচেয়ে শক্তিশালী।
রোববার সকালে টাইফুন নোল আঘাত হানতে শুরু করলে অ্যাপারি শহরে বাড়ি মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭০ বছর বয়সী এক লোক ও তার ৪৫ বছর বয়সী ছেলে মারা যায়।
রাজ্যের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঝড়টি এতোই শক্তিশালী ছিল যে এতে গাছপালা উপড়ে গেছে, দমকা বাতাসে বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে গেছে, বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে এবং ব্যাপক শস্য বিনষ্ট হয়েছে।
তবে উত্তর পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা বিভাগের পরিচালক নরমা তালোসিগ বার্তা সংস্থা এএফপিকে জানান, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা মেলভিক ডি ক্যাস্ত্রো জানান, উপকূলীয় শহর সান্তা অ্যানায় ঝড়ো হাওয়ায় বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পামের ওপর দেয়া ছাইনি উড়ে গেছে।
তিনি আরো জানান, ঝড়টি তীব্র বেগে বইতে শুরু করার পর ৭শ’ লোক তাদের সমুদ্র উপকূলবর্তী ঘরের মধ্যেই রয়ে গেছেন।
ন্যাশনাল গ্রিড কর্পোরেশন জানায়, ঝড়ে অন্তত ৫টি শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
(সূত্র:বাসস)
এমকে





