‘অসম্ভব কল্পনা’হিসেবে আখ্যায়িত করলেও বোধহয় বিষয়টি সঠিকভাবে বুঝানো যাবে না। কারণ এক লোক যুক্তরাষ্ট্রে বসে স্বপ্ন দেখছে আফ্রিকায় রাজ্য স্থাপনের!

মিসর ও উত্তর সুদানের মাঝখানে অবস্থিত এক এলাকার রাজা হওয়ার পাশাপাশি মেয়েকে বানাবেন রাজকন্যা। এটাই তার পরিকল্পনা!

এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ব্রিস্টল হেরাল্ড কুরিয়ারকে এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন জেরেমিয়াহ হেটন।

হেটন জানিয়েছেন, বির তাওয়িল নামে পর্বতময় ছোট এলাকাটির মালিকানার দাবি করেনি মিসর বা উত্তর সুদান কেউই। তাই ওই এলাকায় রাজত্ব গড়তে চান তিনি।

তিনি জানান, নিজে রাজা হওয়ার চেয়ে বরং নিজের ৭ বছর বয়সী মেয়ে এমিলিকেই রাজকন্যা বানানোর ইচ্ছেটাই তার মধ্যে বেশি। এমনকি স্বাধীন রাজ্যের জন্য তার মেয়ে একটি পতাকার ডিজাইন করেছে বলেও জানান তিনি।

‘রাজকন্যা’এমিলি হেটন তার বাবার দেয়া এই উপহারকে বেশ আনন্দের সঙ্গেই গ্রহণ করবেন বলেই জানিয়েছেন। এ ব্যাপারে জিজ্ঞাসা করতেই বেশ মিষ্টি করে হাসেন তিনি।

হেটনের দাবি, ওই এলাকায় তাদের সম্পত্তি রয়েছে এবং আশা করছেন মিসর ও সুদান সরকার তাকে রাজ্য প্রতিষ্ঠায় বাধা দেবে না।

এ ব্যাপারে রিচমন্ড বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শেলিয়া কারাপিসো বলেন, প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈধতা প্রদান ছাড়া হেটন রাজনৈতিক বা অন্য কোনোভাবে ওই অঞ্চলের মালিকানা লাভ করতে পারবেন না।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ