পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবানের হামলার আশঙ্কার বিষয়ে প্রাদেশিক সরকারকে আগেই সতর্ক করেছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলার তিন মাস আগে এ বিষয়ে সতর্ক করা হয়। পাকিস্তানের ‘জিও নিউজ’ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এ প্রতিবেদনে বলা হয়েছে- গত ২৮ আগস্ট খাইবার-পাখতুনখোয়ার প্রাদেশিক সরকারকে এই বলে সতর্ক করা হয় যে, তালেবান গেরিলারা সেনা নিয়ন্ত্রিত স্কুলে হামলার পরিকল্পনা করছে।

সতর্কবার্তায় আরো বলা হয়েছিল, “তালেবান সন্ত্রাসীরা প্রতিশোধপ্রবণ হয়ে উঠেছে। তারা সেনা কর্মকর্তাদের ছেলে-মেয়েকে যতবেশি সংখ্যায় সম্ভব হত্যা করবে।”

অপ্রত্যাশিত যেকোনো ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে ও নিরাপত্তা বাড়াতে কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয় সতর্কবার্তায় । ওই বার্তার লিখিত কপিও খাইবার-পাখতুনখোয়ার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে পাঠানো হয়েছিল। গত ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনা নিয়ন্ত্রিত স্কুলে তালেবান জঙ্গিদের ভয়াবহ হামলায় ১৪৯ জন নিহত হয়।

ইআর