পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে তালেবান হামলার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার অন্তত ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ। খবর ডয়েচেভেলে ও বিবিসির।
পাঞ্জাব প্রদেশ থেকে ওই সন্দেহভাজনদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান আটকদের সংখ্যা প্রকাশ না করলেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।
নিসার আলী আরও বলেন, ‘আমরা গোয়েন্দাদের দেওয়া তথ্যের মাধ্যমে জানতে পেরেছি বিদ্রোহীরা এ ধরনের আরেকটি হামলার জন্য প্রস্তুত হচ্ছে।’
১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় ১৩২ শিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন নিহত হয়। এ ছাড়া ওই ঘটনায় হামলাকারী ৭ তালেবানের সকলেই আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনার পরপরই দেশটির সরকার সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে ২০০৮ সাল থেকে চলমান মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
পাশাপাশি বিদ্রোহীদের নির্মূলে সামরিক বাহিনীর পরিচালিত জার্ব-ই-আজব নামক অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এএইচ





