প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (০৭ মার্চ) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২৮২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৫ লাখ ৮৭ হাজার ৯৩৪ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছেন ৬ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার ৪৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (০৭ মার্চ) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৫২ হাজার ১৩৭ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৩১৯ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯ লাখ ৩৮ হাজার ৮৩৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৩২৫ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে আজ (০৭ মার্চ) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২৫ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৩৫৭ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ৯২ হাজার ৮৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৫৬ জনের।
মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ২৫ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৫৪ জনের।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় এর আগের তিনদিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর আগের দিন (০৫ মার্চ) মৃত্যু হয়েছিল ছয়জনের, ৪ মার্চ সাতজনের এবং ৩ মার্চ মৃত্যু হয়েছিল পাঁচজনের।
শনিবার (০৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৫১ জনে।
এমবি





